সিএমপির ৬ থানার ওসি বদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

রোববার(২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার নতুন ওসি এবং কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার নতুন ওসি এবং সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।