চেয়ারম্যানকে অবরুদ্ধের ঘটনায় বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

 

চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে নাজেহালের ঘটনায় একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আরও ৫ জনের বেতন সর্বনিম্ন গ্রেডে নামানো হয়েছে। সংস্থার ইতিহাসে একসঙ্গে এত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) কর্মকর্তারা আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন।

জানা যায়, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের ৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ মার্চ শেরেবাংলা থানায় মামলা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শেষে ২৩ জনের বিরুদ্ধে শাস্তির নির্দেশনা আসে। একজনের বিরুদ্ধে আগে থেকেই বরখাস্তের আদেশ থাকায় ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।