চট্টগ্রামে মধ্যরাতে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার চশমাহিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাত প্রায় ২টার দিকে সাতজন যুবক ওই বাড়ির সামনে আসেন। তারা আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় বাসার সামনের একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী নওফেল অংশ নেন। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হতে পারে। তবে এ বিষয়ে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ।