দরজায় ‘উধাও’ পোস্টার, তোপের মুখে মুখ খুললেন মাধবন

নিট প্রশ্ন ফাঁস নিয়ে নীরব থাকায় তোপের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন এফটিআইআই চেয়ারম্যান ও অভিনেতা আর মাধবন।

কয়েকদিন ধরে শিক্ষার্থীরা তার কার্যালয়ের দরজায় ‘গায়েব’ ও ‘বিক্রির জন্য নিট’ লেখা পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ করছিল। এরপরই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দেন মাধবন।

তিনি লেখেন, শিক্ষা হওয়া উচিত আস্থার জায়গা। প্রশ্ন ফাঁস সেই বিশ্বাস ভেঙে দেয় এবং লাখো তরুণের স্বপ্নকে সংকটে ফেলে। জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে মাধবন বলেন, কোনো ব্যবস্থার ত্রুটির চেয়ে শিক্ষার্থীদের প্রতিভা অনেক বড়। একই সঙ্গে আন্দোলন যাতে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।

এর আগে সালমান, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষীসহ অনেক তারকা এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।