নিট বিতর্কের মাঝেই ফের ফাঁস, ২ পরীক্ষা বাতিল

নিট প্রশ্ন ফাঁস নিয়ে ভারতে যখন আন্দোলন চলছে, তখনই আরও দুটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি তাদের চলতি সেমিস্টারের দুটি পরীক্ষা বাতিল করেছে। বিষয় দুটি হলো মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি।

তদন্তে উঠে এসেছে, বহিরাগত এক প্রশ্নপ্রণেতা হোয়াটসঅ্যাপ ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টালের মাধ্যমে পরীক্ষার আগেই হুবহু প্রশ্ন শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেন।

ঘটনার পর ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা কার্যক্রম থেকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভি কে প্যাটেল জানান, আগস্টের তৃতীয় সপ্তাহে এই দুটি পরীক্ষা আবার নেওয়া হবে। এতে ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।