যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না, হুঁশিয়ারি ইরানের

শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কর্তৃত্বে নিশ্চিত হলেই এটি খোলা হবে।

তিনি বলেন, প্রণালি চালু করতে যুক্তরাষ্ট্রকে গত মাসের শান্তি কাঠামো চুক্তির শর্ত মানতে হবে, ইরানের বিরুদ্ধে সব বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং হরমুজ পরিচালনায় ইরানের নিয়ম মানতে হবে। মার্কিন হামলা দিয়ে ইরানকে বাধ্য করা যাবে না।

এর আগে ইরানের বিভিন্ন শহরে নতুন বিস্ফোরণের খবর আসে। একই সময়ে মার্কিন সেন্টকম জানায়, হরমুজে জাহাজ চলাচলে হুমকি তৈরি করা ইরানি সামরিক স্থাপনায় তারা আরেক দফা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সম্মত হলেও নতুন হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আবার উত্তপ্ত।