৭ বছর পর ফিরছেন ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ, বললেন- ‘আবার শুরু করব’

দীর্ঘ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ। ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’র পর আর কোনো ছবি মুক্তি পায়নি তার।

সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে গোবিন্দ জানান, ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ নামে দুটি নতুন ছবিতে অভিনয় ও প্রযোজনা করবেন তিনি। এ দিয়েই অভিষেক হবে নবাগতা রানি স্বর্ণকারের।

গোবিন্দ বলেন, ইন্ডাস্ট্রি তাকে বারবার বাতিল করেছে। অনেকেই বলত, গোবিন্দকে আর দেখা যাবে না। কিন্তু আমি প্রতিবারই নতুন করে শুরু করেছি। এটিকে তিনি ব্যর্থতা নয়, নতুন সুযোগ হিসেবে দেখছেন।

তিনি জানান, ছবি দুটি তরুণ প্রজন্মের জন্য তৈরি। প্রেক্ষাগৃহে দেখার পর তারা নতুন করে স্বপ্ন দেখতে শিখবে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের অনেক নতুন মুখ থাকবে ছবিতে।

আত্মবিশ্বাসী গোবিন্দ বলেন, আমি কোনোকিছুকেই ভয় পাই না, সত্যকে আড়াল করি না। সমস্ত বাধা পেরিয়ে আমি পুরোপুরি প্রস্তুত।