২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

২০২৯ সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে তিনি বলেন, চালুর পর ৮ হাজার ২০০ টিইইউ কনটেইনার ও প্রায় ১ লাখ ডেডওয়েট টনের জাহাজ সরাসরি ভিড়তে পারবে।

মন্ত্রী জানান, বর্তমানে গভীরতার অভাবে বড় মাদার ভেসেল সরাসরি আসতে পারে না। সিঙ্গাপুর, কলম্বো হয়ে ফিডারে পণ্য আনায় খরচ-সময় বাড়ে। মাতারবাড়ীতে ১৬ মিটার গভীর চ্যানেল ও আধুনিক টার্মিনাল হবে। এতে চট্টগ্রাম বন্দরের চেয়ে চার গুণ বড় জাহাজ ভিড়তে পারবে, ট্রান্সশিপমেন্ট নির্ভরতা কমবে।

তিনি বলেন, বন্দরটি আঞ্চলিক বাণিজ্যের হাব হবে এবং প্রতিবেশী দেশের ট্রানজিটে ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ইউরোপ-আমেরিকার সঙ্গে সরাসরি শিপিং, পতেঙ্গা টার্মিনাল ও বে-টার্মিনালের কাজ চলছে। খালাস-ডেলিভারির ৮০% ডিজিটালাইজড হয়েছে। বে-টার্মিনাল ও মাতারবাড়ী চালু হলে ১২-১৪ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। জট কমাতে ১০ হাজারের বেশি পড়ে থাকা কনটেইনার নিলাম ও প্রি-অ্যারাইভাল প্রসেস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।