১ আগস্ট থেকে ১৫ মাসের শিশু পাবে টাইফয়েড টিকা

১৫ মাস বয়সী শিশুদের জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে। ১ আগস্ট থেকে এই টিকা দেওয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার (১৩ জুলাই) সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের টাইফয়েড ক্যাম্পেইনের সফলতার পর টিকাদান কারিগরি কমিটির সুপারিশে নিয়মিত কর্মসূচিতে এক ডোজ টিসিভি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইপিআই কেন্দ্র থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে এমআর-২ টিকার সঙ্গে একই সেশনে এই টিকা দেওয়া যাবে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশু শনাক্ত, চাহিদা নির্ধারণ ও টিকাদান নিশ্চিত করবেন। ভ্যাক্সইপিআই অ্যাপে নিবন্ধন ও ই-ট্র্যাকারে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

৫ ডোজের ভায়াল ব্যবহার হবে। ২–৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। শর্ত পূরণ সাপেক্ষে খোলা ভায়াল পরের সেশনেও ব্যবহার করা যাবে।

অভিভাবকদের সচেতন করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে মাইকিং, উঠান বৈঠক ও বাড়ি বাড়ি যোগাযোগ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।