সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ঐতিহ্য সংরক্ষণে নতুন অনুদান

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। এএফসিপির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের অবদান তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত জানান, নতুন করে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান দেওয়া হয়েছে। গত ২৫ বছরে এএফসিপির অধীনে ১৩টি প্রকল্পে ১ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।

মুসা খান মসজিদ পুনরুদ্ধার, শাঁখারী বাজার, লালবাগ কেল্লা সংরক্ষণ, বরেন্দ্র জাদুঘরের আধুনিকীকরণসহ বাউল গান, জামদানি, ধাতব ঢালাইয়ের মতো লোকশিল্প দলিলকরণে এই তহবিল ব্যবহৃত হচ্ছে।

বৈঠকে পানাম সিটির উন্নয়ন, ‘ইউএস-বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল’ ও শিল্পী বিনিময় কর্মসূচি নিয়েও আলোচনা হয়। ২০১৩ সালের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেওয়া হলে রাষ্ট্রদূত জানান, প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত কাজ হবে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান মন্ত্রী। নজরুল বর্ষের অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রদূত জানান, ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ নজরুলের সাহিত্য সংরক্ষণে তারা আগ্রহী।

বৈঠক শেষে দুপক্ষ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।