টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ ২৪ ঘণ্টায় বিক্রি শেষ, দাম ২৫ ডলার

পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের ভেন্যু থেকে কুড়ানো আবর্জনাও স্মারক হিসেবে কিনে নিচ্ছেন ভক্তরা। ২৪ ঘণ্টার মধ্যেই সব সংগ্রহ বিক্রি হয়ে গেছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক বিয়ের দিন ভেন্যুর আশপাশ থেকে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করেন। প্রতিটির দাম রাখেন ২৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা।

সংগ্রহে ছিল সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, প্লাস্টিকের চামচ, ললিপপের কাঠি, পুলিশের সতর্কীকরণ ফিতা, একটি বাম কানের এয়ারপড ও একটি ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিট।

গিগনাক প্রতিটি জিনিস ছোট স্বচ্ছ কিউবে বায়ুরোধীভাবে সংরক্ষণ করেন। তিনি বলেন, ‘এগুলো কেবল আবর্জনা নয়, সময়ের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনার টাইম ক্যাপসুল।’

গত মঙ্গলবার নিজের ওয়েবসাইট ‘নিউইয়র্ক সিটি গার্বেজ’-এ সংগ্রহগুলো ছাড়েন তিনি। একদিনেই সব বিক্রি হয়ে যায়। ৫০টি সংগ্রহ বিক্রি করে তিনি আয় করেছেন ১ হাজার ২৫০ ডলার, প্রায় দেড় লাখ টাকা। ভক্তদের আগ্রহ দেখে ভবিষ্যতে আরও সংগ্রহ বিক্রির পরিকল্পনা করছেন গিগনাক।