‘আমলারা খিচুড়ি শিখতে বিদেশ যেতেন, সে যুগ শেষ’: শিক্ষামন্ত্রী

একসময় সরকারি আমলারা খিচুড়ি রান্না ও কচুরিপানা পরিষ্কার শিখতে বিদেশে যেতেন, তবে সে দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার এখন শিক্ষাব্যবস্থায় স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, ডিবেট ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’–এর ওপর গুরুত্ব দিচ্ছে। নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও প্রকৃত ইতিহাস ধাপে ধাপে সব শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, চলতি বছরের পাঠ্যপুস্তকে অনেক পরিমার্জন আনা হলেও পুরো কারিকুলাম একসঙ্গে বদলানো সম্ভব নয়। ধাপে ধাপে সংস্কার চলছে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো এবং আধুনিক পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।