মাদরাসার ফাঁকা জমিতে মাঠ হবে, চালু হচ্ছে জাতীয় ক্রীড়া আসর

সরকারি ও এমপিওভুক্ত মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শুধু মাদরাসা শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এ নির্দেশনা পাঠিয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও বাস্তবায়নে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৭ জুলাইয়ের চিঠির ভিত্তিতে এ উদ্যোগ। কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের নকশা মেনে মাঠে রূপান্তর করতে হবে। মাঠ নির্মাণযোগ্য জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এছাড়া বিদ্যমান মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগী করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করে কাজ চলবে।

মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে আলাদা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করবে সরকার।