সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে। এদিন সকালে সেনাবাহিনীর এসকর্টে তারা খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ত্যাগ করেন।

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

বাঘাইহাট জোন জানায়, এখনও সাজেকে প্রায় ১০০ জন পর্যটক অবস্থান করছেন। তাদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের সিদ্ধান্তের পর নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে আগে থেকে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।