মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক

১২২

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন বিতর্ক উসকে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী গওহর খান। ইনস্টাগ্রামে লিওনেল মেসিকে ‘লুজার’ ও ‘নিকৃষ্ট মানের অভিনেতা’ বলে মন্তব্য করে আলোচনায় তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। শেষ মুহূর্তে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের পর এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও স্টোরিতে শেয়ার করে গওহর লেখেন, ‘কী এক লুজার! মেসি নয়, যেন মেসি। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।’ শেয়ার করা ভিডিওতে ম্যাচটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলোর একটি বলা হয়।

ম্যাচের শেষ দিকে রেফারির কিছু সিদ্ধান্ত ও মাঠের ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই আর্জেন্টিনার বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তোলেন এবং রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন। আর্জেন্টিনা সমর্থকদের দাবি, শেষ পর্যন্ত লড়েই যোগ্যতায় জিতেছে দল।

গওহরের মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। একপক্ষ মেসির পক্ষে দাঁড়িয়ে তার সমালোচনা করছেন, আরেকপক্ষ ম্যাচের বিতর্ক টেনে গওহরকে সমর্থন দিচ্ছেন।

সব বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মাঠের উত্তেজনা এখন ছড়িয়েছে নেটদুনিয়ায়, গওহরের মন্তব্যে ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত।