নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে রাজনৈতিক সদিচ্ছাই জরুরি: তথ্যমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে শক্ত রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এগোনোর তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ জুলাই) সংসদ ভবনে বিডব্লিউজিইডি আয়োজিত নীতি-সংলাপে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা মানেই শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নয়, এটি অর্থনৈতিক স্বাধীনতারও প্রশ্ন। তাই এ খাতে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।

সংলাপে বিডব্লিউজিইডির গবেষণায় বলা হয়, ১ কিলোওয়াট সৌরবিদ্যুতে বছরে প্রায় ৩০ হাজার টাকার জ্বালানি তেল আমদানি বাঁচানো যায়। ২০ বছরে এই সাশ্রয় দাঁড়ায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

ক্লিনের প্রধান হাসান মেহেদী বলেন, ছাদে সৌরবিদ্যুৎ ব্যয় নয়, এটি বিনিয়োগ, যা আমদানি খরচ কমিয়ে জ্বালানি স্বাধীনতা বাড়ায়।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ এবং ৩ কিলোওয়াট পর্যন্ত আবাসিক ও কৃষি সৌরবিদ্যুতে প্রতি কিলোওয়াটে ২৫ হাজার টাকা ভর্তুকির প্রস্তাব দেয় সংগঠনটি।

তাদের হিসাবে, ২০৩০ সালের লক্ষ্য পূরণে বছরে ২১ হাজার ৭৫০ কোটি টাকা লাগবে, যার মধ্যে ৬ হাজার ৭৫০ কোটি টাকা সরাসরি ভর্তুকি দিতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিকদের প্রকল্পে অতিরিক্ত ১০ শতাংশ প্রণোদনারও দাবি জানানো হয়। পাশাপাশি বড় প্রকল্পকেন্দ্রিক কর-সুবিধার এসআরও বাতিল করে ছাদভিত্তিক সৌর ও বিকেন্দ্রীভূত উদ্যোগেও সমান সুবিধা চাওয়া হয়েছে।