এফডিআই প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ: আঙ্কটাডের প্রতিবেদন

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও চমক দেখাল বাংলাদেশ। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার সব দেশকে পেছনে ফেলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, গত বছর দেশে এফডিআই এসেছে ১৭৮ কোটি ডলার। যা আগের বছর ২০২৪ সালের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশি। ২০২৪ সালে এই অঙ্ক ছিল ১২৩ কোটি ডলার।

সংস্থাটি বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও উচ্চ সুদের হারে যখন বিশ্বজুড়ে বিনিয়োগে ভাটা, তখন বাংলাদেশের এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার বড় প্রমাণ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থায়ী মূলধন গঠনে এখনও দেশীয় বিনিয়োগই প্রধান চালিকাশক্তি। তবে ২০২৫ সালে উন্নয়নশীল এশিয়া ৬৪৪ বিলিয়ন ডলার এফডিআই টেনে প্রধান গন্তব্য হিসেবে টিকে আছে, যার অংশ হিসেবে বাংলাদেশও আলোচনায় এসেছে।

বৈশ্বিক প্রেক্ষাপটেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। টানা দুই বছর পতনের পর ২০২৫ সালে বিশ্বব্যাপী এফডিআই ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়নে পৌঁছেছে। ডিজিটাল অবকাঠামো, উৎপাদন, জ্বালানি রূপান্তর প্রযুক্তি এই পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছে।

আঙ্কটাড মনে করছে, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, সাশ্রয়ী ও প্রতিযোগী শ্রমশক্তি, ভৌগোলিক অবস্থান এবং চলমান সংস্কারের কারণে উৎপাদন, সেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে। অর্ধ ট্রিলিয়ন ডলারের বেশি জিডিপির বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।