ইনুর মামলার রায় আজ দুপুরে, বিটিভিতে সরাসরি দেখাবে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেবেন। চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আছেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, আদালতের অনুমতি নিয়ে রায় সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গত ২২ জুন ট্রাইব্যুনাল-২ আজকের দিন রায়ের জন্য ধার্য করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ১৪ মে মামলাটি রায়ের জন্য সিএভি রাখা হয়েছিল। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ।

ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।