অনার্স ছাড়াই রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম, ক্ষোভ

অনার্স ডিগ্রি না থাকার অভিযোগ ওঠার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন।

রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদকে অব্যাহতি দেওয়া হয়।

২০০৬ সালে সরাসরি উপ-রেজিস্ট্রার হিসেবে রাবিতে যোগ দেন আসলাম হোসেন। এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার ছিলেন।

নিয়োগ নিয়ে ক্ষোভ জানিয়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান ফেসবুকে লেখেন, অনার্স ডিগ্রি ছাড়াই এবং রাজনৈতিক সুপারিশে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ডেপুটি রেজিস্ট্রার থেকে সরাসরি রেজিস্ট্রার করার নজির রাবিতে নেই।

সদ্য বিদায়ী রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, তার ফাইল অনুযায়ী তিনি যোগ্য নন। এমন মানুষের কাছে দায়িত্ব গেলে বিশ্ববিদ্যালয় পিছিয়ে যাবে।

অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম হোসেন বলেন, নিয়ম অনুযায়ীই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনার্স না থাকলেও স্নাতকোত্তর ডিগ্রি আছে।

উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, যোগ্যতা দেখেই তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, এতে কোনো ব্যত্যয় ঘটেনি।