কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, ভর্তি ঢামেকে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।

তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।