সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ২.৪ কোটি শিশু

আজ রবিবার থেকে সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে চলবে এই কর্মসূচি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কোন বয়সে কোন ক্যাপসুল:

• ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

• ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হবে একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটসহ প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্রেও চলবে কার্যক্রম। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই কাজে নিয়োজিত আছেন।

নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা নিতে পারবে।

এ ছাড়া ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলার জন্য আরও চার দিন বিশেষ কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।