কুকুরকে নদীতে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, গ্রেপ্তার ১

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই যুবক। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় এক নারী কুকুরটিকে লালন-পালন করতেন। কিছুদিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।