হোসেনি দালান থেকে শুরু হলো তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিলটি বের হয়। ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন।

মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। অংশগ্রহণকারীদের বেশিরভাগই কালো পোশাক পরেছেন। হাতে দেখা গেছে প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান, বেস্তা ও বইলালাম।

তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরাও রয়েছেন। মিছিলের রুটে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

আরবি ‘আশারা’ অর্থ দশ, আশুরা মানে দশম। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা। সত্য ও ন্যায়ের জন্য তাঁর আত্মত্যাগ মুসলিম উম্মাহর কাছে চিরস্মরণীয়।