কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ সদস্য

চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেছে দক্ষিণপূর্ব ইউরোপের দেশ কসোভোতে। দেশটির পার্লামেন্টে সম্প্রতি অধিবেশন চলাকালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় এক সংসদ সদস্য। ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কসোভোর রাজনৈতিক অঙ্গনে

রোববার (৯ আগস্ট) জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৮ আগস্ট) কসোভোর পার্লামেন্টে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ডিম ছুড়ে মারেন বিরোধীদলীয় আইনপ্রণেতা টিম কাদ্রিজাজ। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে আরেকটি আগাম নির্বাচনের আশঙ্কার সময় এমন ঘটনা ঘটেছে।

ইউরোপের নবীনতম গণতন্ত্রের এ দেশটিতে গত দুই বছরেরও কম সময়ে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গভীর রাজনৈতিক বিভাজনের কারণে পরপর সংসদ ভেঙে দেওয়া হয়েছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরও ভোট বিলম্বিত করার চেষ্টার অভিযোগে টিম কাদ্রিজাজ নামের এক সংসদ সদস্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারেন।

‘ধিক্কার তোমাকে!’ বলে সংসদের সামনের সারিতে বসে থাকা প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারেন কাদ্রিজাজ। এ সময় অধিবেশনের প্রেসিডেন্ট সরাসরি সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেন এবং নিরাপত্তাকর্মীরা প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেন।

এ ঘটনার পর কাদ্রিজাজ বলেন, ডিম ছুড়ে মারার কারণে যদি আমাকে মূল্য দিতে হয়, তাহলে আমি তা দিতে প্রস্তুত রয়েছি।

কসোভোর পার্লামেন্টে এমন বিশৃঙ্খলা অবশ্য নতুন নয়। এর আগেও, দেশটির পার্লামেন্টে কাঁদানে গ্যাস ছুড়ে মারা হয়েছিল।

কুর্তির ভেতেভেন্দোসে (ভিভি) দল গত জুনের নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে। যদিও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখনও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

এখন পর্যন্ত কোনো পক্ষই প্রার্থী নিয়ে একমত হতে পারেনি। ফলে, বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলবিন কুর্তি এক অচলাবস্থার মধ্যে পড়েছেন। এরই মধ্যে গত শুক্রবার সংসদের স্পিকার নির্বাচনের সাংবিধানিক সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কসোভোর রাজনৈতিক অঙ্গনে আবারও গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।