দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা, ঘটনাকে ‘দুঃখজনক’ বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলেছে বাংলাদেশ।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাসসকে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পুরো ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’।

মুখপাত্র জানান, আইওআরএ’র গুরুত্বপূর্ণ বৈঠকে ডা. জাহেদ উর রহমানের নেতৃত্ব দেওয়ার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আগেই ভারতকে জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ডা. জাহেদ ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসায় এসেছিলেন। উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি নিজেই ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের মন্তব্যের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। সংখ্যালঘুসহ সব নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।