স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যে কেউ অংশ নিতে পারবে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে যে কেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।

মঙ্গলবার (৮ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

তবে যে দলেরই হোক, ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারও ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানান তিনি।

এসময় ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি এই ব্যারেজের মাধ্যমে ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তা এলাকায় ব্যারেজ কিংবা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। যা বাংলাদেশ সরকারই বহন করতে পারে। তবে এ প্রকল্পে অন্য কোনো দেশ সাহায্য করতে চাইলে সে সুযোগও রাখা হবে।