১৩-১৬তম গ্রেডের স্থগিত পরীক্ষার নতুন তারিখ জানাল পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (বিপিএসসি) ১৩ থেকে ১৬তম গ্রেডের স্থগিতকৃত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ আগস্ট এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরীক্ষার সময়সূচি, কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাও জানিয়েছে পিএসসি।

রবিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএসসির ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের গত ৩১ জুলাইয়ের স্থগিত লিখিত পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। একইভাবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।

আরও বলা হয়েছে, নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষ ও আসন ছাড়া অন্য কোনো কেন্দ্র, কক্ষ বা আসনে পরীক্ষা দেওয়া যাবে না।

এর আগে গত ৫ এপ্রিল পিএসসির উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে গত ৩১ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।