জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ: সমাজকল্যাণ মন্ত্রী

৫১

ক্যানসার, কিডনি, লিভার, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের অনুদান বাড়িয়ে ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এ খাতে বরাদ্দ ৩০০ কোটি থেকে ৬০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ জুন) আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং চলছে। জুনেই তৃতীয় ধাপ শেষ হবে। বর্তমানে ৮০ হাজার পরিবার এ সেবা পাচ্ছে।

তিনি আরও জানান, কৃষক কার্ডের আওতায় সাড়ে ১১ লাখ কৃষকের ঋণ মওকুফে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুস্থ, বিধবা, এতিম ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, এতিম ও প্রতিবন্ধীদের কর্মমুখী প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে স্বাবলম্বী করা হবে। কেয়ারগিভিংয়ের সঙ্গে ভাষা শিক্ষা যুক্ত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

একটি কর্মপরিকল্পনা তৈরি করে আগামী ১ জুলাই থেকে তা কার্যকরের লক্ষ্যে তিন দিনের ব্রেইনস্টর্মিং কর্মসূচি নেওয়া হয়েছে।