জেদ্দা থেকে ফিরল বিমানের প্রথম হজ ফ্লাইট, হাজিদের ফুল দিয়ে বরণ

২৮

হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে।

ফ্লাইটে আসা হজযাত্রীদের হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে বরণ করা হয়।

প্রথম ফিরতি হজ ফ্লাইটের হজযাত্রীদের অভ্যর্থনা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক-গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে। ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পোস্ট-হজ কার্যক্রমে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে। সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬, সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান।