আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

৩৩

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালের নবজাতক ওয়ার্ডে গভীর রাতে একসঙ্গে একাধিক নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হন। অভিযোগ রয়েছে, সংকটময় মুহূর্তে পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বরত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতাও পর্যাপ্ত ছিল না। সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়। ফলে একের পর এক নবজাতকের মৃত্যু ঘটে।

ঘটনাটি দেশের হাসপাতালগুলোতে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দুর্বলতা সামনে এনেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে ৪ দফা দাবি জানানো হয়েছে:

১. আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া।

২. ক্ষতিগ্রস্ত নবজাতকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া।

৩. দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা, রোগী নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন।

৪. প্রতিটি হাসপাতালের সেবার মান ও জরুরি ব্যবস্থা তদারকিতে মনিটরিং কমিটি গঠন।

নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে জানানোর অনুরোধ করা হয়েছে।