ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

২৬

বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৬ মে) এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বিএনপি মহাসচিব বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি ঈদুল আজহা। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানি ঈদ নামেও পরিচিত।

তিনি বলেন, ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। সে জন্য বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল-অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানি।

মির্জা ফখরুল বলেন, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।