ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব ডিজি

১১

ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেছে র‍্যাব।

রোববার (২৪ মে) বেলা ১১টার পর র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ টার্মিনাল পরিদর্শনে যান।

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। আজ অফিস শেষে শুরু হচ্ছে সরকারি ছুটি। আগামীকাল ২৫ মে থেকে সাতদিনের সরকারি ছুটি শুরু হলেও পরিবারের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, ছিনতাই ও যাত্রী হয়রানি ঠেকাতে বাস টার্মিনালগুলোতে সাদা পোশাকেও সদস্য মোতায়েন রয়েছে।

যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‍্যাব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।