আগামী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী

৩৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ ঘোষণা দেন। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ঘোষণা নয়, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে ব্যাপকভাবে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত ও চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় বছরব্যাপী নজরুলবিষয়ক অনুষ্ঠান হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম বিদ্রোহী কবিকে আরও গভীরভাবে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল আমাদের জাতীয় কবি। নতুন প্রজন্ম যেন তার আদর্শ, সাহিত্য ও সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ।

এর আগে বিকেলে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং পরে সমাবেশে বক্তব্য দেন।