রামিসা হত্যার বিচার এক মাসে: প্রধানমন্ত্রী

৪৪

শিশু রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন শেষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন। নিরাপদ সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাহলেই দেশ এগিয়ে যাবে।

পল্লবীতে সাত বছরের স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা কারাগারে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা করে জানমালের ক্ষতি করতে চাইছে। তারা কৃষক, কর্মসংস্থান, খাল কাটা বা কৃষক কার্ড নিয়ে কথা বলে না। বরং রাস্তা বন্ধ করে অবরোধের চেষ্টা করছে। এ ধরনের অরাজকতায় খাল কাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ বন্ধ হয়ে যাবে। ইমাম-মোয়াজ্জেমসহ ধর্মীয় নেতাদের সম্মানীও বন্ধ হবে।

তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ৫ আগস্ট যাদের বিতাড়িত করা হয়েছিল, তাদের সঙ্গে অরাজকতা সৃষ্টিকারীরা তলে তলে সমঝোতা করেছে। ৮৬ ও ৯৬ সালের মতো নতুন লেজও গজিয়েছে।

নতুন বাংলাদেশ গড়তে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে দক্ষ শ্রমিক তৈরি ও ব্রিজ, স্কুল, হাসপাতাল নির্মাণের আহ্বান জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন।