ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩০

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ ও কার্যকর করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

এছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল।