রিপন হত্যা মামলায় সাবেক সচিব জাহাংগীর গ্রেপ্তার

৪৫

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আজ শুনানিকালে তাকে হুইলচেয়ারে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাটে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান। ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

উল্লেখ্য, ১২তম জাতীয় নির্বাচনের সময় জাহাংগীর আলম নির্বাচন কমিশনের সচিব ছিলেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।