বিসিবিতে অস্থিরতা: এডহক কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট

৪৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী এই রিটটি দাখিল করেন। রিটে কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে করা হয় কমিটির সভাপতি।

কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই এডহক কমিটি করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে বলে এনএসসির পক্ষ থেকে জানানো হয়।

রিট আবেদনকারীদের দাবি, গঠন প্রক্রিয়া যথাযথ না হওয়ায় কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তারা।