ঢাকায় যেসব স্থানে হামের টিকাদান কার্যক্রম চলছে

১০

রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় হামের টিকাদান কর্মসূচি চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে এ টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে মহাখালীর কড়াইল এলাকায় একটি স্কুল মাঠে আরেকটি টিকাদান কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

অন্যদিকে সকাল ৯টায় মোহাম্মদপুর মেটারনিটি হাসপাতাল (১৪/৩৫ শাহজাহান রোড) প্রাঙ্গণে বিএনপির পক্ষ থেকে হামের টিকাদান কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।

এছাড়া সকাল ৯টায় শান্তিনগরের পীর সাহেব গলির মুখে বিএনপির আরেকটি উদ্যোগে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

জনস্বাস্থ্য সুরক্ষায় হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এসব টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে।