চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিহত ২

১০

চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কেবি অর্কিড প্লাজায় আগুন লাগে। চতুর্থ তলার একটি টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে পাশের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান।

নিহতরা হলেন— চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী, পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং পটিয়া থানার বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলে দাবি করা হয়। সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই আগুনের ঘটনা ঘটে।

কেবি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং উপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন মূলত চতুর্থ তলা থেকে উপরের পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।