ইরান সংঘাত নিয়ে হঠাৎ এমন কথা কেন বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজনই ছিল না এবং এমন সংঘাত হওয়া উচিত ছিল না।

রবিবার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওয়াং ই বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে তা সাধারণ মানুষের সমর্থন পাবে না।

এমন উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি সব দেশকে ইরান এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের সমস্যা সেখানকার দেশগুলোকেই সমাধান করতে হবে।

বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা তৈরি করা কোনো সমাধান নয়।

একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়।

সূত্র: শাফাক নিউজ