ইরানে হামলা বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে: আরাগচি

৫০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ইরানে সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। খবর আল জাজিরা

শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন,
‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যেই রয়েছে; আমরা সহজেই তা অর্জন করতে পারি।’

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘একটি চুক্তি অর্জনযোগ্য, তবে সেটি ন্যায্য এবং উভয় পক্ষের জন্য লাভজনক সমাধানের ভিত্তিতে হতে হবে।’

আরাগচি আরও বলেন, ‘সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে এবং বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে—শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও।’

আরাগচির সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পর ইরানে হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেন, ‘আমি এটি বিবেচনা করছি।’