একটি দল অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যেতে চায়: ইশরাক

৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমরা লক্ষ্য করেছি, কিছু প্রতিদ্বন্দ্বী দল এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন ভোটের মাঠে সবাই সমান সুযোগ না পায়। তারা এ অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যেতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের গেন্ডারিয়া এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের দেওয়া বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিয়ে এ কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে, যাতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’— এ অজুহাতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি হয়। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমাদের লক্ষ্য হলো প্রতিযোগিতা সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারাতে পারেন, যা নির্বাচনি মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তবে বিএনপি তাদের প্রচারণা অব্যাহত রাখছে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখছে।