মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

৪৬

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে তার দুটি আসনে, অর্থাৎ ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার দলটির যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা জানান।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না।’

তিনি জানান, এই দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে যূথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নাই, সেসব আসনে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক দল হিসেবে এবার নির্বাচন করছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।