৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

Election Commisinon 20240401094242 20240401094840
৭১

৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি থাকলে তা দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।

শনিবার ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই অন্তে নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি/ আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

কারও বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে এবার ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করল ইসি।