সত্যিই কি শুটিংয়ের আগে ২০ লিটার দুধে গোসল করেন রবি কিষাণ

নিজেকে নিয়ে নানা ধরনের মজার গল্প ও গুঞ্জন প্রায়ই শুনতে পান ভোজপুরি ও বলিউড অভিনেতা রবি কিষাণ। তবে নিজের ক্যারিয়ারে শোনা সবচেয়ে অদ্ভুত একটি গুজব শুনে রীতিমতো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়েছিল তার।

সেই গুঞ্জন অনুযায়ী, সিনেমার শুটিং শুরু করার আগে রবি কিষাণ নাকি গোলাপের পাপড়ি মেশানো ২০ লিটার দুধ দিয়ে বিশেষ গোসল সারেন!

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘কোন হোনর ক্রোড়পতি’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে এই মজার অভিজ্ঞতার কথা জানান রবি কিষাণ। গুজবটি প্রথম শোনার পর তিনি এতটাই অবাক ও আনন্দিত হয়েছিলেন যে হাসি থামাতে পারছিলেন না।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি পাশে থাকা মাধুরী দীক্ষিতের দিকেও ফিরে তাকান এবং নেটফ্লিক্সের সিনেমা ‘মা বেহেন’-এ একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে এই গল্পের সত্যতা প্রকাশ করতে বলেন।

মাধুরী দীক্ষিতও হেসে এই গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি জানান, রবি কিষাণ বরং সারা রাত ভ্রমণ করে ক্লান্ত শরীরে সরাসরি শুটিং সেটে পৌঁছান এবং কোনো বিশ্রাম ছাড়াই কাজে নেমে পড়েন।

উল্লেখ্য, সুরেশ ত্রিবেণী পরিচালিত নেটফ্লিক্সের ‘মা বেহেন’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করেছেন রবি কিষাণ ও মাধুরী দীক্ষিত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৃপ্তি দিমরি এবং ধরনা দুর্গা।

নিজের সম্পর্কে ছড়ানো এই অদ্ভুত গুঞ্জন নিয়ে রবি কিষাণ বলেন, মানুষ বলে যে সে নাকি ২০ লিটার দুধ দিয়ে গোসল করে, আর তারপর শট দেয়। এটা শুনে আমি হেসেই লুটিয়ে পড়েছিলাম।

নিজের ব্যস্ততার উদাহরণ টেনে এই ভোজপুরি তারকা আরও জানান, একবার ছটপূজা উপলক্ষে তিনি সারা রাত গোরক্ষপুরের বিভিন্ন ঘাটে ঘুরে কাটিয়েছিলেন এবং এরপর ভোরের ফ্লাইট ধরে সরাসরি শুটিং লোকেশনে পৌঁছে যান।

মজা করে তিনি বলেন, সেটে পৌঁছে ভ্যানিটি ভ্যানে তৈরি হওয়ার সময়ও তার সেই কথিত ‘বিশেষ গোসলের’ জন্য কেউ দুধ বা গোলাপের পাপড়ির কোনো আয়োজনই করেনি!

রবি কিষাণকে আগামীতে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘নাগজিলা’ সিনেমায় দেখা যাবে। করণ জোহর প্রযোজিত এই সিনেমায় কার্তিক আরিয়ানকে একজন ‘ইচ্ছাধারী নাগ’ এবং রবি কিষাণকে একটি ‘অজগর’-এর চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। ব্যতিক্রমী গল্পের এই সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত রবি কিষাণ। দর্শকরাও এটি বেশ উপভোগ করবেন বলে তিনি আশাবাদী।

সূত্র: এনডিটিভি