যাব না বলে যে চলে যায়, আসি আসি বলে সে কখনও আসবে না: হাসনাত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামীলীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন সারা বাংলাদেশে। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন, শেখ হাসিনা দেখে আসলে কেন একজন নেতাও দেশে আসতেছে না।

তিনি বলেন, ডিসেম্বর যত এগিয়ে আসবে দেখবেন, তারা লন্ডন-আমেরিকায় বসে বসে এক্সকিউজ বানাচ্ছে। কারও ক্যান্সার হবে, কারও পেটের ব্যথা হবে, কারও ডায়রিয়া হবে, কারও মেয়ের বিয়ে ছেলের বিয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে।

পলাতক শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লার এই সংসদ সদস্য। তার ভাষ্য, হাসিনার পক্ষ হয়ে কেউ রাস্তায় আসছে, আসে নাই। সীমান্তের ওপার থেকে একটা কথা বলে আর এই পাশে উশৃংখল কিছু কর্মী আছে, ওরা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে নিজে নিজে ‘জয় বাংলা’ বলে একটা ককটেল ফোঁটায়। অথচ নেতারা কিন্তু বিদেশে বিলাসী জীবন যাপন করছে।

তিনি আরও বলেন, যে যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনও আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা এই আপা কোনোদিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায় সেটা আমরা জানি। যদি সে দেশে আসতো, তার নেতারা আগে দেশে আসতো।