মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পরপরই পাঁচজনের চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তাদের সবার অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। তবে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।