কপ৩১-এ বড় সুখবর, জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিবেচিত পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ ও জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে ব্যবহার হবে।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে। উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

মন্ত্রী বলেন, বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহ জীবন-জীবিকা, কৃষি ও অবকাঠামোকে হুমকিতে ফেলছে। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

তিনি বলেন, এনডিসি ৩.০ অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬.৩৯ শতাংশ ও আন্তর্জাতিক সহায়তায় অতিরিক্ত ১৩.৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে। এ জন্য নবায়নযোগ্য জ্বালানি, ছাদ সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ও স্থানীয় অভিযোজন এগিয়ে নেওয়া হচ্ছে।

জলবায়ু অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিনগুণ করে বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে, বাংলাদেশ এ দাবিকে সমর্থন করে। গ্রিন ক্লাইমেট ফান্ড, জিইএফ ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থপ্রাপ্তি সহজ ও অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অভিযোজন শুধু পরিকল্পনায় নয়, মাঠে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও স্থানীয় অভিযোজন সম্প্রসারণ করতে হবে। বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকরে অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা সহায়তা অপরিহার্য।

ক্ষয়-ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন বর্তমান বাস্তবতা। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে প্রস্তাবের তুলনায় অর্থ অপর্যাপ্ত। উন্নত দেশগুলোর অবদান বৃদ্ধি, প্রক্রিয়া সহজ, দ্রুত অর্থ ছাড় ও অর্থনৈতিক-অর্থনৈতিক বহির্ভূত ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা দরকার।

তিনি বলেন, তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে প্রশমন জোরদার করতে হবে। বাংলাদেশ ২০২৬ সালের পরও ২০৩০ সাল পর্যন্ত প্রশমন কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে। ন্যায্য রূপান্তরে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে।

কপ৩১ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম চার দিনে আলোচনা এগোলেও অনেক বিষয়ে সমঝোতা হয়নি। বাংলাদেশ এলডিসি জোট, জি-৭৭ ও চীনসহ সহযোগীদের সঙ্গে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ফলাফলের জন্য কাজ করছে। কপ৩১ থেকে অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি তহবিল, প্রশমন, প্রযুক্তি ও ন্যায্য রূপান্তরে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে বলে আশা করেন তিনি।