এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) নেপালের পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দেশটির সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্পসংলগ্ন একটি তুষারাবৃত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বিবিসিকে জানান, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়।

সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা একজন বিদেশি পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনো জানা যায়নি।

জেলা পুলিশের কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে প্রথমে হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারে ঢাকা থাকার কারণে হেলিকপ্টার দুটি নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে অন্য স্থানে অবতরণের চেষ্টা করে থাকতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির মালিকানাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, সরঞ্জাম পরিবহন এবং জরুরি উদ্ধারকাজে নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দুর্গম ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে দেশটিতে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্যটক ও পর্বতারোহী দেশটিতে ভ্রমণ করেন।