অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১টায় উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই কুমিল্লা সদর দক্ষিণ উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে আসার পর একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছে এসবিএস।’